বিএনপির কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিতালি বাজারে আজ সোমবার বিএনপির এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথা ও পাসহ শরীরের নয়টি জায়গায় গুরুতর জখম হয়েছে।

স্থানীয় লোকজনের দাবি, আওয়ামী লীগের ১৫-২০ জন কর্মী এ হামলা চালান। তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগের কেউ এ কাজ করেনি। এলাকার উচ্ছৃঙ্খল কিছু ছেলে এ কাজ করে থাকতে পারে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মিতালি বাজারে মোহাম্মদ শাহীন (৩৫) নামের বিএনপির ওই কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলো ডটকমকে জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর পুলিশের গাড়িতে করে তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘সময়মতো উদ্ধার না করলে তিনি হয়তো ঘটনাস্থলেই মারা যেতেন। ঘটনাস্থলে তখন আর কেউ ছিল না।’

পুলিশের ভাষ্য, শাহীন এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচ-ছয়টি মামলা রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শাহীনের মায়ের ভাষ্য, শাহীন এখন ব্যবসা করেন। কেবল বিএনপির কর্মী বলেই তাঁর ছেলের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শাহীন বিএনপির একজন সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি ফাইজুল ইসলাম।