বিএনপির কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার ও হাঁড়িভাঙ্গা গ্রামে গত শুক্রবার ও শনিবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৮৬ জনকে আসামি করে সদর থানায় গতকাল রোববার জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল হক একটি মামলা করেন। একই দিন অপর মামলাটি করেন সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক।জহুরুল হক গত শনিবার বিকেলে হাঁড়িভাঙ্গা গ্রামে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাতজন নেতার ওপর হামলা ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগে এ মামলা করেন। এদিকে এনামুল হক আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধর ও তাঁদের বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে বিএনপির কর্মী নয়নসহ ৩৩ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, আমজাদ আলী, শামীম ইসলাম, লিমন সরকার ও শরিফুল ইসলাম।