বিএনপির কর্মীরা প্রয়োজনে ঢাকার রাস্তায় তাঁবু টাঙিয়ে অবস্থান নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা প্রয়োজনে ১২ মার্চ ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তাঁবু টাঙিয়ে অবস্থান নেবে। হাঁড়িপাতিল নিয়ে রান্না করে খাবে। তখন মন্ত্রীরা পতাকা উড়িয়ে গাড়ি চালানোর জন্য রাস্তায় জায়গা পাবেন না। গতকাল সোমবার চট্টগ্রামের পাহাড়তলীর সেগুনবাগানে খুলশী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণমিছিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়। পরে পাহাড়তলীর অলংকার মোড় ও নগরের মুরাদপুর এলাকায় বিএনপির আরও দুটি কর্মসূচিতে অংশ নেন নোমান। সেগুনবাগানের কর্মসূচিতে নোমান বলেন, ঢাকা চলো কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিণাম শুভ হবে না। গণতান্ত্রিক আন্দোলনে যেখানে বাধা আসবে, সেখানেই লড়াই হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শক্তি ও সাহস থাকলে পুলিশ ও র‌্যাবকে ব্যবহার না করে বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতায় অবতীর্ণ হন। তখন বোঝা যাবে কার শক্তি কত। বিএনপি সরকারি দলের সব ষড়যন্ত্র ও চক্রান্ত রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে।’নোমান বলেন, ‘সরকার বিএনপির ঢাকা চলো কর্মসূচি বানচাল করতে পুলিশের মাধ্যমে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার ও খাবার হোটেলগুলোর বুকিং বাতিলের নির্দেশ দিয়েছে। হোটেলের বুকিং বন্ধ করে ঢাকার মহাসমাবেশ বন্ধ করা যাবে না। বিএনপির নেতা-কর্মীরা প্রয়োজনে ১২ মার্চ ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তাঁবু টাঙিয়ে অবস্থান নেবে।’ খুলশী থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির নেতা এম এ সবুর, কাজী আকবর, আবুল হাশেম, ওহাব কাশেমী, ইয়াছিন চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ। পরে নোমানের নেতৃত্বে মিছিল সেগুনবাগান থেকে শুরু হয়ে পাহাড়তলী কলেজ ফটক ও খুলশীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে পাহাড়তলী অলংকার মোড়ে পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগে ঢাকা চলো কর্মসূচির সমর্থনে আবদুল্লাহ আল নোমান আরেকটি সমাবেশ করেন। সেখানেও নোমান সরকারের কঠোর সমালোচনা করেন। পরে তাঁর নেতৃত্বে একটি মিছিল বের হয়। সন্ধ্যায় নগরের মুরাদপুর মোড়ে পাঁচলাইশ থানা বিএনপির আয়োজনে আরেকটি মিছিলের নেতৃত্ব দেন আবদুল্লাহ আল নোমান।