বিএনপির কর্মীরাও নৌকা প্রতীকের ব্যাজে কেন্দ্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলেও বিএনপিসহ অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতা-কর্মীদের মাঝে ছিল আতঙ্ক। নবাবগঞ্জে এক কেন্দ্রে বিএনপি প্রার্থীর কর্মীরা নৌকা প্রতীকের ব্যাজে অবস্থান করেন বলে জানান ওই প্রার্থী। তবে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা সরব থাকলেও সেখানে বিএনপি ও অন্য প্রার্থীর নেতা-কর্মীদের চোখে পড়েনি।
নবাবগঞ্জের কুশদহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে কুশদহ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল আজিম দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, পরিস্থিতির কারণে বিএনপির কর্মীরা নৌকার ব্যাজ পরে রয়েছেন। নৌকার ব্যাজ পরেই বিএনপির নেতা-কর্মীরা কাজ করছেন। একই উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনোদনগর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বেলা ১১টায় দিকে প্রথম আলোকে বলেন, কৌশলগত কারণে তাঁরা নেতা-কর্মীদের কোনো ব্যাজ বা স্টিকার দেননি। একই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের টুপিরহাট মোড়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, ওই ইউনিয়নে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী দুজনই প্রকাশ্যে যেকোনো মূল্যে চেয়ারম্যান হওয়ায় হুমকি দিয়েছেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও ফলাফল নিয়ে তাঁরা শঙ্কিত।
বেলা দেড়টার দিকে নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আসমান জামিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর নেতা-কর্মীদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছেন। এমনকি কেন্দ্র দখল করে নির্বাচনী ফলাফল তাঁদের অনুকূলে নেওয়ারও হুমকি দিয়েছেন। তবে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, তাঁদের দলের প্রার্থী, কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
বেলা তিনটায় ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির প্রার্থী আশরাফুল আলম বলেন, তাঁদের মধ্যে আতঙ্ক থাকায় তাঁর নেতা-কর্মীদের নিয়ে গোপনে কাজ করছেন। এলুয়ারী ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. নবীউল ইসলাম বলেন, সরকারি দলের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনের শুরু থেকে হুমকি-ধমকি দিয়ে গেছেন। তাই তাঁর নেতা-কর্মীরা গোপনে কাজ করছেন।