বিএনপির কাজ নির্বাচনকে বিতর্কিত করা: তথ্যমন্ত্রী

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং বিতর্কিত করা।
নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে অংশ না নিয়ে জয়লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন। রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা।
বিএনপির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সব সময়ই নির্বাচনের আগে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেন। এবারও সেই বিষয়টি খোলাসা করেছেন। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে নির্বাচনে অংশ না নিয়ে আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যান। ঢাকায় আপনারা কী কী কাজ করতে চান, আপনাদের উদ্দেশ্য কী, তা জনগণকে জানান। আপনাদের জয়লাভের উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে আমি মনে করি।’
সরকারের পতন হবে—বিএনপি নেত্রী সেলিমা রহমানের হঠাৎ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘তাঁর এই বক্তব্যেই প্রমাণ করে তাঁরা ভেতরে-ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। অতীতেও আপনাদের ষড়যন্ত্র মানুষ দেখেছে এবং ব্যর্থ করে দিয়েছে।’
সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আজীবনই নির্মোহ ও নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়ে আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম আজকের সভায় সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকারের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, কবি নাসির আহম্মেদ প্রমুখ।