বিএনপির কার্যালয় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা
মিরসরাইয়ের আবুতোরাব বাজারে স্থানীয় বিএনপির কার্যালয় ও বিএনপি ও জামায়াত-সমর্থিত ১০ ব্যবসাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রোববার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার পরপরই আবুতোরাব পশ্চিম বাজারে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া ডা. সোলেমানের ফার্মেসি, ডা. সালাউদ্দিনের ফার্মেসি, আবদুল্লাহর কুলিং কর্নার, বেলালের কুলিং কর্নার, সলিম মোবাইল সেন্টার, রবি ট্রাভেল এজেন্সি, ইরান বাদশা এন্টারপ্রাইজ, আবুল কাশেমের ইটের দোকান ও একটি ফার্নিচারের দোকান ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, সরকারদলীয় নেতা-কর্মীরা বিএনপির কার্যালয় ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক শাহীনুল কাদের চৌধুরী জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে কে বা কারা হামলা করেছে তা বলতে পারেননি। মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দীন বলেন, বিজয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগের কিছু ছেলে কয়েকটি দোকানে ইটপাটকেল ছুড়েছে, ভাঙচুর করেনি। তবে তারা কিছু দোকানের সাইনবোর্ড ফেলে দিয়েছে।