বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু
বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতালের আগের রাতে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আওয়ামী লীগের নেতা মোস্তফা সরকার (৪২) মারা গেছেন। গতকাল শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় অগ্নিদগ্ধ হন আওয়ামী লীগের নেতা মোস্তফা সরকার ও আনিছুর রহমান (৩৮)। গুরুতর অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোস্তফার অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে তিনি মারা যান। তিনি ছিলেন গোকুণ্ডা ইউনিয়নের ১ নম্বর সুলতান বাহাদুর মৌজার আওয়ামী লীগ ওয়ার্ড কার্যকরী কমিটির সদস্য।এদিকে মোস্তফার অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান অভিযোগ করেন, হরতালকে কেন্দ্র করে বিএনপির ধ্বংসাত্মক কাজের প্রতিবাদ করায় মোস্তফাকে বিএনপির কার্যালয়ে ধরে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, হরতালের আগের রাতে গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার সময় গুরুতর আহত হন মোস্তফা।