বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সদর থানায় গত শুক্রবার প্রথম মামলাটি করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরে মওলা। একই দিন দ্বিতীয় মামলাটি করেন জেলা যুবদলের নেতা হাসানুজ্জামান আলম।
দ্বিতীয় মামলা সূত্রে জানা যায়, ২ মার্চ জেলা বিএনপির ২৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে সংস্কারপস্থী হিসেবে পরিচিত নাফিজুর রহমানের নাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত হওয়ায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ নিয়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওই আন্দোলন বন্ধ করতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার ৩ নম্বর আসামি মাহবুব আলমের হুকুমে অন্য আসামিরা বিএনপির কার্যালয় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়ে দেন। এতে দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিল, টিন পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়। এই মামলার আসামি হলেন আবদুল মোমিন, নাদের খান, মাহবুব আলম, মো. রাব্বী ও প্রথম মামলার বাদী মনজুরে মওলা। এই মামলায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মনজুরে মওলার মামলায় সাবেক সাংসদ ও নতুন কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা, ১ নম্বর সদস্য ফয়সল আলীম, জেলা কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপির ১৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। এতে যাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।