বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের আগুন
সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ আগুন ধরিয়ে দিয়েছে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। এ ঘটনার পর থেকে শহরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল নবদ্বীপ পুলের ওপর দিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয় তালাবদ্ধ ছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়। বিকেল তিনটার দিকে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ তাঁর হোসেনপুরের বাসভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি পুলিশের সামনে এ ঘটনার নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিনা উসকানিতে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির অফিসে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য অফিসের দিকে যেতে চাইলেও ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেয়। আওয়ামী লীগের সাতটি মামলায় বর্তমানে জেলা বিএনপি নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছে।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘গতকাল ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হলে কিছু কর্মী গিয়ে বিএনপি অফিসের গেটের সামনে সামান্য আগুন ধরিয়ে দেয়।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, ‘এর আগে আওয়ামী লীগের এক নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ কলেজ থেকে প্রতিবাদ মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিলটি ভাসানী মিলনায়তনের সামনে দিয়ে যাওয়ার সময় নবদ্বীপ পুলের কাছে বিএনপির কর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ পুলিশের টহল দলের সামনেই আগুন ধরিয়ে দেওয়া হলেও বাধা দেওয়া হয়নি—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এসআইয়ের নেতৃত্বে দুটি পুলিশের দল কর্মরত ছিল। তাদের তাৎক্ষণিক বাধা দেওয়া উচিত ছিল। তবে পরে তারা আগুন নেভানোর কাজে অংশ নেয়।বিএনপির ডাকে ৩৬ ঘণ্টা হরতাল চলাকালে এবং সিরাজগঞ্জ পৌরসভায় দরপত্র নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দিন আগে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ক্লিনিক ও বাসা ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা করে।