বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের আগুন
মেহেরপুর শহর বিএনপির কার্যালয় গত রোববার সন্ধ্যায় ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, রোববার সকালে বিএনপি শহরে একটি মিছিল বের করে। এ সময় বিএনপির কিছু কর্মী সমুদ্রজয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন দেয়ালে লাগানো কিছু পোস্টার ছিঁড়ে ফেলেন। তিনি জানান, এ ঘটনা শুনে ছাত্রলীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সন্ধ্যায় এ নিয়ে শহরের নিউমার্কেটে উপজেলা আওয়ামী লীগের বৈঠক হয়। পরে সেখান থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করে শহর বিএনপির কার্যালয় ভাঙচুর করেন এবং আগুন দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তাঁরা প্রথমে জেলা বিএনপির কার্যালয়ে হামলা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর ছাত্রলীগের কর্মীরা নিউমার্কেট এলাকায় শহর বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে কার্যালয়ের টেলিভিশনসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। এ সময় কার্যালয়ে কেউ ছিলেন না। মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ বলেন, আওয়ামী লীগ মিথ্যা ইস্যু সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতেই এ ঘটনা ঘটাল। বিএনপির কর্মীদের প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগ ঠিক নয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার জানামতে শহরে পোস্টার ছেঁড়ার কোনো ঘটনা ঘটেনি।’