বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগের হামলায় বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড হয়ে গেছে। হামলায় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় এবং জেলা বিএনপির এক নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়েন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলার রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার আকন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য লাইলী কাঞ্চন, উপজেলা যুবদলের সদস্য রুবেল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য জসিম শেখ, মেহেদী হাসান ও রায়েন্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দলীয় নেতা-কর্মীরা রায়েন্দা বাজারে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের ছেলে শুভর নেতৃত্বে ছাত্রলীগের ১৮-১৯ জন সশস্ত্র সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন এবং দলীয় কর্মসূচি পণ্ড হয়ে যায়। হামলাকারীদের ভয়ে কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলের পাশে জেলা বিএনপির পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক এম এ কাদের হাওলাদারের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ওই বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায়।চেষ্টা করেও শুভর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর বাবা কামাল উদ্দিন আকন বলেন, তাঁর ছেলের নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কিছু কর্মী প্রতিবাদ করলে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।