বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান এবং গণহারে নেতা-কর্মীদের গ্রেপ্তার গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ বলেন, ‘সারা দেশের মানুষ টিভি চ্যানেল ও সংবাদপত্রের মাধ্যমে লক্ষ করেছে, একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে কীভাবে পুলিশ প্রবেশ করে গণহারে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এটা কোনোভাবেই সমর্থন ও গ্রহণযোগ্য নয়।’এরশাদ বলেন, ‘এখনো সময় আছে, আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানের পথ খুঁজে বের করুন।’উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক সহিংস ঘটনায় দেশের মানুষ আজ আতঙ্কিত, উৎকণ্ঠিত। দেশ ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সহিংস ও লক্ষ্যহীন রাজনীতির শিকার হয়ে দেশের জনগণ চরম হতাশা, অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অব্যাহত রাজনৈতিক সহিংসতায় প্রতিনিয়ত সাধারণ মানুষ ও পুলিশ বাহিনীর সদস্যরাও প্রাণ হারাচ্ছেন। মানুষ এই অসহনীয় পরিস্থিতির অবসান চায়।’ বিজ্ঞপ্তি।