বিএনপির কার্যালয়ে র্যাবের তালা
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় টানা দুই মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সকালে খোলা হয়। কিন্তু গতকাল শুক্রবার র্যাব সদস্যরা গিয়ে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন।
বিএনপির নেতারা জানান, অনেক নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির কারণে গত দুই মাস তাঁরা ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় খুলতে পারেননি। সম্প্রতি নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল কারাগার থেকে মুক্তি পান। গত বৃহস্পতিবার সকালে তিনি দলীয় কার্যালয়ের তালা খুললে নেতা-কর্মীদের পদচারণ বাড়তে থাকে।
বিএনপির নেতারা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন ও এর পরবর্তী সহিংসতায় নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআন শরিফ পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ নগর বিএনপি। গতকাল সকাল নয়টা থেকে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন শরিফ পড়া শুরু হয়। বেলা ১১টায় ওই কার্যালয়ে অভিযান চালান র্যাব-১১-এর সদস্যরা। ওই সময় কোরআন শরিফ তিলাওয়াত করছিলেন জেলা ওলামা দলের সভাপতি মুন্সী শামসুর রহমান খান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ শিববিরসহ বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্র।
এদিকে র্যাব সদস্যদের দেখে নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ কার্যালয়ের পেছন দিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। পরে র্যাব সদস্যরা কার্যালয়ে থাকা ব্যক্তিদের বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন।
বিএনপির নেতা এ টি এম কামাল সাংবাদিকদের বলেন, ‘র্যাব সদস্যরা কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়ে নেতা-কর্মী ও মাওলানাদের বের করে দেন। তাঁরা আমাদের অফিস সহকারীকে কার্যালয় না খোলার হুমকি দিয়েছেন। যদি খোলা হয় তাহলে যাকে পাবেন, তাকেই গ্রেপ্তার করবেন বলে হুমকি দিয়েছেন।’
এ ব্যাপারে র্যাব-১১-এর বক্তব্য জানতে চাইলে তাঁরা কোনো বক্তব্য দিতে চাননি। তবে বিএনপির কার্যালয়ের সামনে টহল দেওয়া র্যাবের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, তাঁরা বিএনপির কার্যালয়ে ঢোকেননি, তালাও ঝোলাননি। নিয়মিত টহলের অংশ হিসেবে তাঁরা বিএনপির কার্যালয়ের দূরে নির্মাণাধীন আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগারের সামনে অবস্থান নিয়েছিলেন।