বিএনপির কার্যালয়ে হামলা, আহত ১৪
ধরলা সেতু মোড়ে বুধবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি চলার সময় একদল সন্ত্রাসী হামলা চালালে অন্তত ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন পাটগ্রাম পৌর মহিলা দলের আহ্বায়ক লতিফা আক্তার, যুগ্ম আহ্বায়ক মনিরা জাহান, পৌর বিএনপির সহসভাপতি কাকন সিদ্দিকী ও অফিস পিওন আমির হোসেন। তাঁদের মধ্যে মনিরা জাহান পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় হামলায় মহিলা দলের ১২ জন নেত্রীসহ ১৪ জন আহত হন। আমার ওপরও লাঠির আঘাত পড়েছে, তবে তা অন্যদের তুলনায় কম।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা নিজেরাই নিজেদের হামলার শিকার হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে দায়ী করছে।’জানা গেছে, গত শনিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ ৮৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এ ছাড়া গত শুক্রবার রাতে বুড়িরবাজারের সন্ত্রাসী ঘটনায় ছাত্রলীগের নেতা এনামুল হক ৩৩ জনকে আসামি করে মামলা করেন। এই দুটি মামলার প্রতিবাদে গত বুধবার পাটগ্রাম পৌর মহিলা দল ও পৌর বিএনপি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিএনপির অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি চলার সময় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল করিম প্রধান, মোস্তফা কামাল জাহাঙ্গীর প্রমুখ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেশাম বলেন, এ ব্যাপারে থানায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।