বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তিনি টাঙ্গাইলের দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঈনুল হাসান ইউসুফ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আত্মসমর্পণকারী অপর ২৪ আসামিকে জামিন দেন আদালত। গত ৯ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে লুৎফর রহমানসহ বিএনপির দেড় শ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই দিন অবরোধ চলাকালে তাঁরা রাস্তার ওপর থাকা সিমেন্টের তৈরি কয়েকটি অস্থায়ী খুঁটি ভেঙে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার এজাহারে আসামি হিসেবে লুৎফর রহমানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের দুজন এর আগে গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিন পেয়েছেন। বিকেলে লুৎফর রহমানের মুক্তির দাবিতে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা সদর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে করে।