ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সম্মেলন নিয়ে বিরোধ
বিএনপির কেন্দ্রীয় নেতা হারুন আল-রশিদের বাসভবনে হামলা
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক হারুন-আল-রশিদের বাসভবনে গত শনিবার রাতে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে তাঁর সমর্থকেরা রাতেই বিক্ষোভ মিছিল বের করলে দলের প্রতিপক্ষের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা বিএনপি ও সদর থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে হারুন-আল-রশিদের শহরের বাসভবনে কাল মঙ্গলবার অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা রুহুল আল মাহবুব ওরফে মানিকের সমর্থকেরা সেখানে অতর্কিত হামলা চালান। তাঁর বাসভবনের ভেতরে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কে উপস্থিত নেতা-কর্মীরা সভাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে হারুন-আল-রশিদের সমর্থকেরা রাত পৌনে ১০টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টি এ সড়কে পৌঁছালে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের নেতা-কর্মীরা অন্তত ৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা হারুন-আল-রশিদের বাসা থেকে একটি ও টি এ সড়ক থেকে ২৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। রাতেই হারুন-আল-রশিদের চাচাতো ভাই শাহীন-আল-রশিদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোহাম্মদ আরিফসহ ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। এদিকে গতকাল রাতে হারুনের সমর্থক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন আসাদুজ্জামান।হারুন-আল-রশিদের সমর্থকেরা গতকাল শহরে বেলা ১১টায় এবং মানিকের সমর্থকেরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। হারুন-আল-রশিদ বলেন, হামলাকারীদের উদ্দেশ্য বিএনপির সম্মেলন পণ্ড করা। শামীম মোহাম্মদ আরিফ বলেন, ‘হারুন-আল-রশিদ পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ তবে মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।