বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করলেন মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী ও বিএনপি থেকে অব্যাহতি নেওয়া মনিরুল হক গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন। এদিকে, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে গণসংযোগ করেছেন সাংসদ আ হ ম মুস্তফা কামাল।গতকাল দুপুর পৌনে ১২টার দিকে মনিরুল হক কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর মিয়ামী হোটেলে বিএনপির নেতাদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লা, মাহবুবউদ্দিন খোকনসহ সেখানে উপস্থিত নেতাদের সঙ্গে করমর্দন করেন।এ সময় মনিরুল হকের জয়ের ব্যাপারে জয়নুল আবদিন ফারুক আশাবাদ ব্যক্ত করেন। জবাবে মনিরুল হক বলেন, ‘আপনারা দোয়া করবেন। জয়ী হয়ে নেত্রীকে ফুলের মালা উপহার দেব।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, চারদলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের প্রস্তুতি সভা চলছিল মিয়ামী হোটেলে। মনিরুল হক হঠাৎ করেই সভাস্থলে প্রবেশ করেন। এরপর তিনি করমর্দন করে চলে যান। তাঁর সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।এরই মধ্যে মেয়র পদপ্রার্থী মনিরুল হককে সমর্থন দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। নাঙ্গলকোটের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার অনুসারীরা তাঁর পক্ষে মাঠে নেমেছেন। আর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরীর অনুসারীরাও তাঁর পক্ষে কাজ করছেন। গতকাল নগরের বিভিন্ন স্থানে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মনিরুল হকের পক্ষে কাজ করতে দেখা যায়।এদিকে, কুমিল্লা-১০ আসনের সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) গতকাল রায়পুর, উলুরচর, মাটিয়ারা, ধনাইতরী, চৌয়ারাবাজার, পাঠানকোট, লইপুরা ও দয়াপুর এলাকায় আফজল খানের পক্ষে গণসংযোগ করেন।এদিকে, জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ গতকাল সংরাইশ, টিক্কারচর, নবগ্রাম ও অশোকতলা এলাকায় উঠান বৈঠক করেন।আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান শাকতলা, গোবিন্দপুর, আশ্রাফপুর ও গোপীনাথপুরে গণসংযোগ করেন। ওই সময় তাঁর সঙ্গে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন।সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করেন। নগরের কান্দিরপাড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে আফজল খানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ষাটের দশকের কোনো নেতা কুমিল্লাকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তুলতে পারবেন না।’ সাংবাদিকদের উদ্দেশে নূর-উর রহমান মাহমুদ বলেন, ‘আপনারা প্রধান দুই প্রার্থী হিসেবে আফজল খান ও মনিরুল হকের নাম বলছেন। এটা ঠিক নয়। ভোটারদের হাতে রায়ের বিষয়টি ছেড়ে দিন।’