রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পল্টন থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন, অঙ্গসংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ প্রায় ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।পল্টন থানা সূত্র জানায়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিনউদ্দিন বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, একই দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদকসহ চার-পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করেন। ওই মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, একই দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমীরুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে চার-পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, দুই মামলায় আসামি প্রায় ১০ হাজার। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাবেক সাংসদ ইলিয়াসকে ‘গুম’ করেছেন—এমন অভিযোগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ একপর্যায়ে রাজারবাগ ও শান্তিনগরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আশপাশের এলাকায় পুলিশের পিকআপসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।অগ্নিসংযোগের ঘটনায় আরও মামলা: গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হয়নি। ওই রাতে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পাশের রাস্তায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়নি। তবে তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।