
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে পুলিশ।
ঈদের পরদিন আজ বৃহস্পতিবার সকাল থেকে হঠাত্ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল থেকে পুলিশ বিএনপির কোনো নেতা-কর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। কার্যালয়ে অবস্থান করা কর্মচারীদের পুলিশ জানিয়েছে, কেউ যেন ভেতর থেকে বাইরে না আসে বা কেউ যেন ভেতরে না যায়। কোনো নেতা এলেই গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, কাউকে বিএনপির কার্যালয়ে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না, এটি ঠিক নয়। তিনি বলেন, ওই এলাকায় অনেক সময় ভাঙচুর হয়, তাই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঈদের ছুটিতে হঠাত্ কেন নিরাপত্তা বাড়ানো হলো জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি বিএনপির নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নয়াপল্টনে গিয়ে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ও আশপাশে কিছু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আছেন কিছু গোয়েন্দা সংস্থার সদস্য। কার্যালয়ের নিচে একটি প্রিজন ভ্যানও রাখা আছে।
বিএনপির কার্যালয়ের প্রবেশ দ্বারে ভেতর থেকে তালা লাগানো। ভেতরে দুয়েকজন কর্মচারী আছেন। তবে সকাল থেকে ওই এলাকায় দলীয় নেতা-কর্মীদের দেখা যায়নি।