বিএনপির কোন্দল মেটানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটানোর তাগিদ দিয়েছেন তৃণমূলের নেতারা। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় বিএনপির এক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির (একাংশের) সভাপতি মুহাম্মদ অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল জব্বার, সদর উপজেলা বিএনপির সভাপতি এম এম শাহজাহান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি নোয়াব আলী ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। এক বছরের বেশি সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপিতে দুটি পক্ষ থাকায় উদ্বেগ প্রকাশ করেন তৃণমূলের নেতারা। তাঁরা বলেন, দুটি পক্ষ থাকায় কেন্দ্রীয় কর্মসূচি আলাদাভাবে পালন করা হয়। এ কারণে কোনো কর্মসূচিই জোরালো হয় না। বক্তারা বলেন, এই বিরোধের নিষ্পত্তি না হলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীরা পরাজিত হবেন।একবছর ধরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুটি আলাদা কমিটি রয়েছে। একটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. মোজাম্মেল হক ও শামসুজ্জামান দুদু। অপর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন মুহাম্মদ অহিদুল ইসলাম ও খন্দকার আবদুল জব্বার। উভয় পক্ষ নিজেদের কমিটিকে বৈধ দাবি করে আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছে।