বিএনপির ক্ষমতার উত্স লন্ডন ও বাংলাদেশে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই  চলছিল। কিন্তু বিএনপির রাজনীতির ক্ষমতার উত্স হলো দুই স্থানে। একটি বাংলাদেশে, অন্যটি লন্ডনে। বাংলাদেশ সন্তুষ্ট হলে লন্ডন সন্তুষ্ট হয় না। লন্ডন হলে বাংলাদেশ হয় না। এতে করে আলোচনা কোনো ফল বয়ে আনতে পারেনি। এ অবস্থায় বাধ্য হয়ে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার বেলা আড়াইটায় সৈয়দ আশরাফ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী সভাপতিত্ব করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচনে অধিকাংশ দল অংশ নিচ্ছে। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি নির্বাচনে অংশ নিতে বিরোধী দলকে আহ্বান জানান।
নিজের সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘কারও উপকার না করলেও অপকার করিনি। কেউ আমার মাথায় বাড়ি দিক, তা চাই না।  আমিও কারও মাথায় বাড়ি দিতে রাজি নই।’ তিনি বিরোধী দলকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নাশকতা ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানান।