বিএনপির খুশিটা যেন বিষাদে পরিণত না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এসেছে। বলছে, তারা খুব খুশি। আমরা শুধু দেখব, সংলাপ শেষ হয়ে সার্চ কমিটি গঠন পর্যন্ত বিএনপির এই খুশি খুশি ভাবটা থাকে কি না। এই খুশিটা যেন আবার বিষাদে পরিণত না হয়।’

গতকাল সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

ওবায়দুল কাদের বলেন, ‘জিল্লুর রহমান সাহেবও সংলাপ ডেকেছিলেন। প্রথম দিন এসে তারা (বিএনপি) বলেছিল, ফলপ্রসূ আলোচনা, খুশি। কিন্তু পরবর্তীতে তারা তাদের খুশি ভাব দেখাতে পারেনি।’

নারায়ণগঞ্জ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এ ক্ষেত্রে সরকার ও দলের কোনো বাধা এবং হস্তক্ষেপ থাকবে না। এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করছে।’ তিনি বলেন, ‘বিএনপির তো অভ্যাস আছে নির্বাচনের আগেই হেরে যাওয়া। কাল থেকেই দেখবেন শুরু হয়ে গেছে, এই নিয়ে গেল, এই কেটে নিল। এটা তো তাদের পুরোনো অভ্যাস।’

ওবায়দুল কাদের বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল বিএনপি করেছে, তার খেসারত তাদের আজ পর্যন্ত দিতে হচ্ছে। যদি সেদিন বিএনপি নির্বাচনে অংশ নিত, তাহলে যেভাবে থাকুক না কেন, তারা আজ সংসদে থাকত। তারা অংশ নেয়নি বলেই সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত বেশি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। যা আমাদের দোষ না।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনসভা করবে আওয়ামী লীগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারিÿরাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।