আজ বুধবার বিএনপি গণ-অনশন কর্মসূচি পালন করবে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।এই কর্মসূচিতে চারদলীয় জোটের শরিক দলগুলোর বাইরে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাত্মতা প্রকাশ করবে। দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে এ কথা বলেছেন।জামায়াতে ইসলামী এ কর্মসূচির প্রতি সংহতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের বর্বরোচিত হামলা ও হরতালের দিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল রেখে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি এই গণ-অনশন কর্মসূচি দিয়েছে।দলীয় সূত্র জানায়, গণ-অনশন কর্মসূচি সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কর্মসূচিতে ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গণ-অনশন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ এ কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।বিএনপির সূত্র জানায়, গণ-অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশের জন্য এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সিপিবি এবং চারদলীয় জোটের শরিক ও সমমনা কিছু দলকে বিএনপি আমন্ত্রণ জানিয়েছে।