বিএনপির গণতদন্ত দল আজ সিরাজগঞ্জে যাচ্ছে
ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু এবং ওই ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএনপির পক্ষ থেকে গঠন করা গণতদন্ত দল আজ শুক্রবার সিরাজগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। নয় সদস্যের এই গণতদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত দলের তদন্ত অব্যাহত রয়েছে।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত দল আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে।এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত দলের সদস্য রেলওয়ের সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমলকুমার চাকী জানান, আরও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সভাস্থল থেকে রেললাইনের দূরত্ব, পুড়ে যাওয়া ট্রেনের দূরত্ব ইত্যাদি বিভিন্ন তথ্য-উপাত্ত মাপজোক করে লিপিবদ্ধ করেছেন। এর আগে তদন্তকাজ শেষ করার জন্য এই কমিটির নির্ধারিত সাত কর্মদিবস শেষ হওয়ার পর আরও অতিরিক্ত ২০ কর্মদিবস সময় দেওয়া হয়।এ ছাড়া বিস্ফোরক অধিদপ্তরের দুই সদস্যের একটি তদন্ত কমিটিও সিরাজগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত দলের সদস্যরা হলেন রাজশাহী বিভাগীয় বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক আবদুল মোমিন এবং ঢাকা থেকে আসা একই অধিদপ্তরের আরেক সহকারী পরিদর্শক আহম্মেদ কবীর চৌধুরী।