বিএনপির গণমিছিল কর্মসূচি সফল করতে গণসংযোগ শুরু
বিএনপির আগামীকালের গণমিছিল কর্মসূচি সফল করতে ঢাকায় গণসংযোগ কর্মসূচি শুরু করেছে দলটি। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব, তোপখানা, পল্টন এলাকায় গণসংযোগের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।দলের কেন্দ্রীয় নেতারা এসব এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র (লিফলেট) বিতরণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান। প্রচারপত্রে দলের পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। প্রেসক্লাব ও তোপখানা এলাকায় গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি জনস্বার্থে সরকারকে সচেতন করতে গণতান্ত্রিক কর্মসূচি পালন করছে। অথচ বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও গণমিছিল কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।