দুপুরে নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে বিকেলে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল আলম। হামলায় তাঁর সঙ্গে আরও চারজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতারা।
গতকাল সোমবার বেলা সোয়া তিনটার দিকে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কানু পুকুরপাড় এলাকায় বিএনপির প্রার্থীর জনসংযোগে হামলার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা পরিষদ গেটের সামনে গতকাল বেলা তিনটার দিকে দলীয় প্রার্থী রফিকুল আলমকে সঙ্গে নিয়ে পথসভা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। পথসভা শেষে তাঁরা গণসংযোগে যাওয়ার পথে সোয়া তিনটার দিকে কানু পুকুরপাড় এলাকায় পৌঁছান। এ সময় উল্টো দিক থেকে আসা আওয়ামী লীগের একটি মিছিলের মুখোমুখি হন তাঁরা। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির গণসংযোগের গাড়িবহর ও নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে তিনটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপির প্রার্থীসহ অন্তত পাঁচজন আহত হন। আসলাম চৌধুরীসহ অন্য নেতা-কর্মীরা দৌড়ে পাশের কয়েকটি বাড়িতে ঢোকে পড়েন।
আহত ব্যক্তিরা হলেন বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম, সাতকানিয়া উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম, সাধারণ সম্পাদক মুন্নি আক্তার, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জকরিয়া ও রফিকুল আলমের গাড়িচালক নুরুল আবছার। আহত ব্যক্তিদের মধ্যে জান্নাতুল নাঈমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রার্থীর জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। পৌরসভা নির্বাচনে প্রচারের শেষ দিনে এসে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা আমরা আশা করিনি।’
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়েরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিএনপি প্রার্থী গত রোববার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তিনি হঠাৎ করে গতকাল প্রচারণায় নেমেছেন। তাঁর এই প্রচারণা দেখে ক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর গাড়িবহরে হামলা করেছেন।’ তিনি বলেন, হামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই।
জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, দুই পক্ষ গণসংযোগের মিছিল নিয়ে যাওয়ার সময় কানু পুকুরপাড় এলাকায় পৌঁছে মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।