বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গতকাল বুধবার শুরু হয়েছে। ইলিয়াস নিখোঁজ হওয়ার দুই মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান দাবির আন্দোলন বেগবান করতে আগামী ৫ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে। গতকাল দুপুর ১২টায় নগরের কোর্ট পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর বিএনপির সভাপতি এম এ হক গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘সিলেটের কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার দুই মাস পরও সরকার সন্ধান দিতে পারছে না। ইলিয়াস আলী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে ও সিলেটের মানুষের স্বার্থে কথা বলেছিলেন বলেই সরকার তাঁকে গুম করেছে। আমরা সুস্থ শরীরে ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফেরত চাই।’ উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী কয়েস প্রমুখ বক্তব্য দেন। গতকাল দুপুর ১২টা থেকে এক নাগাড়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে গণস্বাক্ষর। বিএনপির নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষ সারিতে দাঁড়িয়ে সই দেন। গণস্বাক্ষর সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী। গতকাল সন্ধ্যা পর্যন্ত বিএনপির নেতা-কর্মী-সমর্থকসহ ১০ হাজার মানুষের স্বাক্ষর সংগৃহীত হয়েছে বলে সঞ্চালকেরা জানান। ৫ জুলাই পর্যন্ত এ কর্মসূচি সিলেট নগরের ওয়ার্ড ও উপজেলা কমিটির মাধ্যমে গ্রাম এলাকায়ও চলবে।