বিএনপির চার কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে বিএনপির চার কর্মীকে তিন বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সুকান্ত সাহা গতকাল বুধবার দুপুরে এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির কর্মীরা হলেন আরিফ হোসেন, জাহিদ হাসান, হোসেন আলী ও শামীম আলী। শামীম আলী পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮-দলীয় জোটের ৩৩ জন ২০১২ সালের ১৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম এরফান উল্লাহ জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা ঠাকুরগাঁও শহরে ব্যাপক ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন জায়গা থেকে বিএনপির ওই চার কর্মীকে আটক করে পুলিশ। পরে সেদিন ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দ্রুত বিচার আইনে বিএনপির ১২ নেতা-কর্মীর নামে ও ১৫০ জন অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত করে এসআই ইলিয়াস আলী ৩৯ জনের বিরুদ্ধে ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে গতকাল বিচারক ওই রায় দেন।