বিএনপির চার নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ওই মামলায় আত্মসমর্পণের পর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এস এম মজিবুর রহমান।ওই চারজন হলেন—নগরের মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিন জসিম, উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন এবং ডবলমুরিং থানা যুবদল নেতা নূর উদ্দিন সোহেল। বিএনপি নেতাদের আইনজীবী মফিজুল হক ভুঁইয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘চারজন আসামির কারও নাম এই মামলার এজাহারে ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে পরে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি আদালতে জানানো হয়েছে। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৬ জুলাই নগরের আগ্রাবাদ ঢেবারপাড় পালকি কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির একটি মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। ওই সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল ও প্রায় সাড়ে চার লিটার পেট্রল পাওয়া যায়। পরবর্তী সময়ে ওই তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী নগরের কদমতলী এলাকার রয়েল প্যালেসের ছাদ থেকে ২০০ গ্রাম সাদা গান পাউডার, ১০০ গ্রাম লালচে রঙের পটাশিয়াম সালফার ও ৫০ গ্রাম সাদা পাউডার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপির ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ১০০ জনকে আসামি করে একটি মামলা করে ডবলমুরিং থানার পুলিশ। এ মামলায় গত ১৭ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর গত ২৫ জুলাই মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে চট্টগ্রাম দায়রা জজ আদালতে আসে।অভিযোগপত্রভুক্ত বিএনপি ও যুবদলের পাঁচ নেতা গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁদের মধ্যে মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ তৈয়ব অসুস্থ থাকায় তাঁকে জামিন দিয়েছেন আদালত। বাকি চারজনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।