নাশকতার ৫৬টি মামলায় বিএনপির চার নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার আদালত। ২৭ জুলাই এসব আবেদনের ওপর শুনানি হবে।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিএনপির চার নেতার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। তাঁদের সহযোগিতা করেন সগীর হোসেন ও এ কে এম এহসানুর রহমান।
বিএনপির এই চার নেতা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
পরে এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আগাম জামিন স্থগিত চেয়েছিল। চেম্বার আদালত অন্তর্বর্তী আদেশ না দিয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
৯ জুলাই নাশকতার ৫৬ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পান এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, আমান উল্লাহ ও আবদুল আউয়াল মিন্টু। বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই চার নেতার চার সপ্তাহ করে আগাম জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে পল্টন, শাহবাগ, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান আমান উল্লাহ। পল্টন, খিলগাঁও, যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নয়টি মামলায় আগাম জামিন পান এম কে আনোয়ার। যশোর সদর থানার চার মামলায় আগাম জামিন পান তরিকুল ইসলাম। পল্টন থানার এক মামলায় আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান।