বিএনপির চার নেতার জামিন বহাল
মতিঝিল থানায় করা পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ চার নেতার জামিন মঞ্জুর করে হাইকোর্ট থেকে দেওয়া আদেশ বহাল রয়েছে। তাঁদের জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
আজ রোববার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এই চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত ৭ নভেম্বর রাতে বিএনপির এই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় এই চারজন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
২১ জানুয়ারি তাঁরা হাইকোর্টের একটি দ্বৈতবেঞ্চে জামিনের আবেদন করলে আদালত ৬ মাসের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে মিন্টুর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান। অন্যদিকে বাকি চারজনের এই জামিন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি আবেদনগুলো নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আজ এই চার নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। তাঁদের সহায়তা করেন আইনজীবী ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী।
ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এতে দুই মামলায় চার নেতার জামিন আদেশ বহাল রইল। শিমুল বিশ্বাস ছাড়া অন্য তিনজনের মধ্যে মওদুদের বিরুদ্ধে দুটি আর অন্যদের বিরুদ্ধে আরও একটি করে মামলা রয়েছে। সব মামলায় জামিন পাওয়ায় শিমুল বিশ্বাস ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।