বিএনপির চার নেতা-কর্মীর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় জোড়া খুনের ঘটনায় করা মামলায় বিএনপির চারজন নেতা-কর্মীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রাজৈর উপজেলা বিএনপির সভাপতি শামছুল হক হাওলাদারকে যাবজ্জীবন এবং অপর নয়জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি গুলিতে আওয়ামী লীগের কর্মী সৈয়দ আলী মোল্লা ও সোলায়মান মোল্লা নিহত হওয়ার ঘটনায় এই মামলা হয়। ঘটনার এক যুগ পর গতকাল এই মামলার রায় ঘোষণা করা হলো।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি হলেন রাজৈর থানা বিএনপির নেতা মহিউদ্দিন হাওলাদার এবং বিএনপির কর্মী সোহাগ হাওলাদার, হালিম সর্দার ও হবি শিকদার। ১০ বছর করে কারাদণ্ডাদেশ হওয়া আসামিরা হলেন হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার, টুটুল হাওলাদার, সেকেন্দার শেখ, জিন্নাত খান, ইদ্রিস শেখ, জাহাঙ্গীর শিকদার ও মোস্তফা হাওলাদার। দণ্ডাদেশপ্রাপ্ত মহিউদ্দিন, সোহাগ, শামছুল হক, জাহাঙ্গীর ও মোস্তফা পলাতক রয়েছেন। বাকি আসামিরা গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
আদালত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হালিম ও হাবিব এবং ১০ বছর করে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হিরু, রফিক, কাইয়ুম, টুটুল, সেকেন্দার, জিন্নাত ও ইদ্রিসের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া অপর ১৪ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজের পর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর গুলি ছোড়েন। এতে সৈয়দ আলী মোল্লা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় আহত সোলেমান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। আসামিরা স্থানীয় বিএনপির নেতা-কর্মী। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়। পরে মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০০৫ সালের ১১ অক্টোবর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়া।