বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার গাড়িবহরে দলীয় কর্মীদের হামলা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর বাজারে গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) আবদুল কাইউমের গাড়িবহরে হামলা হয়েছে। বিএনপির নেতা ও সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থকেরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের সংঘর্ষে হামলায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজ মাঠে পৌর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল কাইউম। বিকেলে তিনি গাড়িবহর নিয়ে ওই আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার পথে ঝালরচর এলাকায় পৌঁছালে হামলার শিকার হন। এ সময় তাঁর গাড়িবহরে থাকা লোকজনের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। এতে আবদুল কাইউম ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান, উপপরিদর্শক (এসআই) রিপন কুমার পাল, সহকারী উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও কনস্টেবল সুশীল কুমার আহত হন। খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক আহত হন। আবদুল কাইউম অভিযোগ করেন, রশিদুজ্জামানের নির্দেশেই এই হামলা হয়েছে। যারা নোংরা রাজনীতি করে, তাদের দলে থাকার কোনো অধিকার নেই। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার অভিযোগ করেন, রশিদুজ্জামানের সমর্থকেরা পরিকল্পিতভাবে তাঁদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তারা একটি পাজেরো জিপ, একটি মাইক্রোবাস ও ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। সাবেক সাংসদ রশিদুজ্জামান দেশে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র অভিযোগ করেন, আবদুল কাইউমের গাড়িবহরের নেতা-কর্মীরা এই আসনের সাবেক সাংসদ রশিদুজ্জামানকে কটাক্ষ করে স্লোগান দেন। এতে ঝালরচর বাজারে বিএনপির কিছু নেতা-কর্মী তাঁদের গাড়িবহরের গতিরোধ করেন। এ সময় আবদুল কাইউমের সমর্থকেরা গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ হামলার ঘটনায় থানায় মামলা হবে।