বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় সম্পর্কে জনমনে বিরূপ ধারণা এবং নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে তথ্য পাচার হয় মর্মে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানাতে এবং দলের নেতা রফিকুল ইসলাম মিয়া সম্পর্কে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ‘অশালীন’ আচরণের প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চেয়ারপারসনের কার্যালয় থেকে তথ্য পাচার হয়। সম্প্রতি খালেদা জিয়ার উপস্থিতিতে তাঁর কার্যালয় থেকে দেখতে কলমের মতো—এমন ১৭টি যন্ত্র উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এ খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যখন বিএনপি একটির পর একটি সাফল্য লাভ করছে, তখন মিথ্যা অপপ্রচার চালিয়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে। এর সঙ্গে সরকারের ‘গোয়েন্দা সংস্থা’ জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই; বরং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ক্ষমতাসীন গোষ্ঠীর এটি একটি পরিকল্পিত নাটক বলে আমরা মনে করি।’একজন সাংবাদিক এর আগে ‘হাওয়া ভবন’ ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয় নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কথা মনে করিয়ে দিলে মির্জা ফখরুল বলেন, এসবের কোনো সত্যতা নেই। অর্থমন্ত্রীর ভাষায় বলতে হয়, ‘অল আর রাবিশ’।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অশালীন ভাষায় রফিকুল মিয়াকে আক্রমণের প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সংস্কৃতিতে সৌজন্যতার কোনো স্থান নেই। তারা দলীয় স্বার্থে বরেণ্য রাজনীতিক ড. কামাল হোসেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, প্রবীণ আইনজীবী রফিক-উল হকসহ দেশের গণ্যমান্য ব্যক্তিদের অপমান ও হেয় করতে দ্বিধা করেনি।