বিএনপির চেয়ারম্যান প্রার্থী বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকারকে দল থেকে বহিষ্কার করে নতুন প্রার্থী ঘোষণা দিয়েছেন সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পরিবার। বিএনপির নতুন প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মদ।
অভিযোগ রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পরিবারকে প্রত্যাশা অনুযায়ী সন্তুষ্ট করতে না পারায় গোলাম কিবরিয়ার সমর্থন বাতিল করা হয়। একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় বিএনপি দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকারকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সমর্থন দেয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি প্রচারণায় নামেন। কিন্তু নির্বাচনী ব্যয় নির্বাহের নামে দলের প্রভাবশালী একটি অংশ তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিবরিয়া ওই দাবি পূরণ করতে না পারায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে চেয়ারম্যান পদে নতুন প্রার্থী ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কায়কোবাদের মামা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ তৌফিক আহাম্মদ। সভায় উপজেলা বিএনপির সভাপতিসহ বেশির ভাগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
এদিকে ওই বহিষ্কারাদেশ নিয়ে দলের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে। ২৪ মার্চ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী দুটি চিঠি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠান। একটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গোলাম কিবরিয়া সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। একই ব্যক্তির সই করা আরেক চিঠিতে মহিউদ্দিন আহাম্মদকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়। চিঠি প্রাপ্তির তিন দিন পর কায়কোবাদের অনুসারীরা সভা করে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেন।
মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার বলেন, ‘মুরাদনগর উপজেলা বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী আমার পক্ষে কাজ করছেন। কী কারণে দাদার (কায়কোবাদ) পরিবার নাখোশ তা আমি জানি না।’
উপজেলা বিএনপির সভাপতি জিউ ফারুক জাহাঙ্গীর বলেন, ‘বৃহস্পতিবারের সভায় আমাকে ডাকা হয়নি। তাই বহিষ্কার নিয়ে কোনো কথা বলতে চাই না। বহিষ্কার করা হলে আমি চিঠি পেতাম।’
এ ব্যাপারে বিএনপির সাবেক সাংসদ কায়কোবাদের পরিবারের একাধিক সদস্যের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি কায়কোবাদ দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।