বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় হামলার ঘটনায় গত মঙ্গলবার আরও একটি মামলা হয়েছে।
এদিকে মঙ্গলবার একটি মামলায় বিএনপির চেয়ারম্যান পদ-প্রার্থীসহ ২৫ নেতা-কর্মী জামিন পেয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক মোল্লার সমর্থকেরা। এর জেরে বিএনপির নেতা-কর্মীরা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনার পরদিন রোববার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনিরুজ্জামান সরদার বাদী হয়ে মঞ্জুর হোসেন ও তাঁর স্ত্রী খালেদা পারভিনকে আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করেন। এ মামলায় মঙ্গলবার মঞ্জুরসহ ৪১ জন আসামি বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক শিহাবুল ইসলাম মঞ্জুরসহ ২৫ জনের জামিন মঞ্জুর করেন এবং অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে একই দিনের ঘটনায় মঙ্গলবার সরিকল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। আদালতের বিচারক শিহাবুল ইসলাম গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১৪ মার্চ মঞ্জুর হোসেনের বাড়িতে হামলার ঘটনায় তিনি আওয়ামী লীগ প্রার্থীসহ ৩৭ জনের বিরুদ্ধে একই আদালতে মামলা করেন।