বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন গাজী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মুনসেফেরচর ইটাখোলায় তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে সালাউদ্দিন বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু মনে হচ্ছে না। এই পরিবেশে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ছাড়া আমার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সবার নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক মোল্লা, সহসাধারণ সম্পাদক কাজী সাহেদ, সদস্য জাকির হোসেন মোল্লা প্রমুখ।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার সাতটি ইউপিতে বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।
লিখিত বক্তব্যে আবু ছালেক বলেন, ‘সাতটি ইউপিতে আমাদের চেয়ারম্যান প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের হুমকির মুখে রয়েছেন। আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ছাড়া নিজেরাই অফিস ভাঙচুর ও বোমা ফাটিয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের প্রার্থী ও কর্মীরা রীতিমতো আওয়ামী লীগের দলীয় লোকদের কাছে অবরুদ্ধ অবস্থায় আছে। এই প্রেক্ষাপটে আমাদের পুটিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন গাজী ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন।’