বিএনপির ছেড়ে দেওয়া মাঠে আ.লীগের তিন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ থেকে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মেয়রপদে বিএনপি কোনো প্রার্থীই দিতে পারেনি। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর জোড়ালো দাবির মুখে আওয়ামী লীগ সমঝোতা করতে পারেনি। আর দলীয় কোন্দল থাকায় বিএনপি কোনো প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব, ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ছাড়া বিএনপির কোনো প্রার্থী না থাকায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ভোট মেয়রপদে জয়-পরাজয়ের নিয়ন্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকে। এবার নির্বাচনে মেয়রপদে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মতিয়র রহমান খান (আনারস), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র নজরুল ইসলাম খান (দেয়ালঘড়ি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায় (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা তিনজনই নিজেকে যোগ্যপ্রার্থী দাবি করে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ একক প্রার্থী দিতে দলীয় পর্যায়ে বৈঠক করে। বৈঠকে ওই তিন প্রার্থীই দলীয় মনোনয়ন দাবি করেন। তিনজনই নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় অবশেষে দল থেকে তিনজনকেই নির্বাচনে অংশ নেওয়া উন্মুক্ত করে দেওয়া হয়। অপরদিকে মেয়রপদে প্রার্থী ঠিক করতে বিএনপিও বৈঠক করে। বৈঠকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজনকে প্রার্থী হতে প্রস্তাব করা হয়। কিন্তু তাঁদের কেউই প্রার্থী হতে রাজি হননি। শেষ পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী দিতে ব্যর্থ হয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ততই নির্বাচনী আমেজে মেতে উঠছেন। কিন্তু বিএনপির কোনো প্রার্থী না থাকায় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকেরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। এ ছাড়া কর্মী-সমর্থকেরা মেয়রপদে কাকে ভোট দেবেন সেটিও খতিয়ে দেখছেন। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মেয়রপদে ভোট প্রদানের ক্ষেত্রে দলীয় বিবেচনার চেয়ে ব্যক্তিগত সম্পর্ককেই বেশি প্রাধান্য দেবেন। যে প্রার্থীর সঙ্গে যাঁর সম্পর্ক ভালো তিনি তাঁকেই ভোট দেবেন। তবে চারদলীয় জোটের কট্টর সমর্থকদের একটি বড় অংশ মেয়রপদে ভোট দেওয়া থেকে বিরত থাকবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন। এ ক্ষেত্রে বিএনপির ভোট মেয়রপদে আওয়ামী লীগ প্রার্থীর জয়-পরাজয়ের নিয়ন্তা হিসেবে কাজ করবে বলে অনেকে মনে করছেন। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আশরাফ আলী খান প্রথম আলোকে বলেন, অন্য দলের কোনো প্রার্থী না থাকায় কৌশলগত কারণে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ তিনজনকেই নির্বাচনে অংশ নিতে অনুমতি দিয়েছে। জেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান নুরু বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও যোগ্য কেউ প্রার্থী হতে রাজি না হওয়ায় মেয়রপদে প্রার্থী দেওয়া যায়নি।