পৃথক মামলায় বিএনপির ছয় নেতার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এই ছয়জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিনের আবেদন গতকাল নাকচ করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।
আইনজীবীরা জানান, গতকাল হান্নান শাহ পাঁচ মামলায়, মীর নাছির একটিতে এবং মওদুদ আহমদসহ চার নেতা দুই মামলায় জামিন পেয়েছেন। অন্য মামলা না থাকায় হান্নান শাহ ও মীর নাছিরের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
আদালতে ওই ছয়জনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, রুহুল কুদ্দুস কাজল, এহসানুর রহমান ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় গত ৬ মে করা তিনটি মামলার দুটিতে মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাস জামিন পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় তাঁরা মুক্তি পাচ্ছেন না।
মীর নাছির জামিন পেয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার এক মামলায়। গত ৮ নভেম্বর মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাস, ২৪ নভেম্বর হান্নান শাহ এবং ২৮ নভেম্বর মীর নাছির গ্রেপ্তার হন।
খোকার জামিনের আবেদন নাকচ: গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে পল্টন ও সূত্রাপুর থানায় করা দুটি মামলায় সাদেক হোসেন খোকার জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। ৪ ডিসেম্বর সাদেক হোসেনকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।