বিএনপির ছয় নেতার রিমান্ড আবেদন নাকচ
বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ, এম কে আনোয়ার, মাহবুব উদ্দিন খোকন, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর পরিবর্তে সাত কার্যদিবসের মধ্যে তাঁদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
৫ মে হেফাজতের সমাবেশে সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে মতিঝিল থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এই পাঁচ নেতাকে ২৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আজ বৃহস্পতিবার এর ওপর শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
একই আদালতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২১ জানুয়ারি রিমান্ড বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন আদালত।
এদিকে, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে তা নাকচ করে দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন পৃথক আদালত। আজ মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।