বিএনপির জনসভা জানেন না দলীয় দুই সাংসদ
ফেনীতে আজ বৃহস্পতিবার দলীয় জনসভা সম্পর্কে স্থানীয় বিএনপিদলীয় দুই সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল জানেন না। তবে পোস্টারে তাঁদের নাম ছাপা হয়েছে ও মাইকেও তাঁদের নামে চালানো হচ্ছে প্রচারণা।দলীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের। এই জনসভাকে সফল করার জন্য দলীয়ভাবে প্রচারণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল বুধবার সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ ভিপি জয়নাল মোবাইল ফোনে জানান, জনসভা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না এবং বিষয়টি তাঁদের দলীয়ভাবে জানানো হয়নি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দাবি করেন, তিনি তাঁদের টেলিফোনে জানিয়েছেন। সভাপতি সাঈদ এস্কান্দারও তাঁদের জানিয়েছেন।