বিএনপির জাতীয় ঐক্যের ডাক বিভক্তির, ষড়যন্ত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশে রাশেদ খান মেনন l প্রথম আলো
সমাবেশে রাশেদ খান মেনন l প্রথম আলো

বিএনপির জাতীয় ঐক্যের ডাক নাকচ করে দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের ডাক বিভক্তির, ষড়যন্ত্রের ও জাতিকে নিষ্ক্রিয় করার। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না।’
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ প্রতিহত কর, সর্বস্তরের জনগণের ঐক্য গড়’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেওয়াসংক্রান্ত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্যের জবাব দেন মেনন। তিনি বলেন, ‘জামায়াতকে বাদ দেবেন, ভালো কথা। কিন্তু আঁচলের নিচে রেখে দেবেন, এটা হয় না। জামায়াতকে বাদ দেবেন, আর আমেরিকাকে ডেকে আনবেন, এটাও হয় না। জামায়াতকে আঁচলের নিচে রেখে, জঙ্গিবাদ প্রশ্রয় দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়া নতুন রাজনৈতিক ষড়যন্ত্র।’
রাশেদ খান মেনন আরও বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের আক্রমণের পেছনে যে মাস্টারমাইন্ড কাজ করেছে, তা সাম্রাজ্যবাদী পরিকল্পনা। আর তাদের হাত হিসেবে কাজ করছে জামায়াত-বিএনপির রাজনৈতিক ছাতা।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা প্রসঙ্গে বিএনপির নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, ‘পেছনে কেন গুলি? সামনে কেন নয়? জঙ্গিদের কাপড়ে রক্তের দাগ কেন? এসব প্রশ্ন তোলার কারণ একটাই, আর তা হচ্ছে জঙ্গিদের প্রতি দরদ। আর এই দরদের মূলে রয়েছে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়। নতুবা জঙ্গিদের সামনে না পেছনে গুলি, সেটা কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয় হতে পারে না।’
গুলশান হামলার পর খালেদা জিয়ার দেওয়া বিবৃতিতে রক্তাক্ত অভ্যুত্থান উল্লেখ করার বিষয়ে রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া হেফাজতের তাণ্ডবের সময়ও অভ্যুত্থান দেখেছেন।