বিএনপির জোড়া লাগছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরে দ্বিধাবিভক্ত কক্সবাজার জেলা বিএনপিতে জোড়া লাগছে না। সর্বশেষ গত রোববার কেন্দ্র থেকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি জেলায় পালিত হয়েছে পৃথকভাবে।
রোববার দুপুর ১২টায় শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশ। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি (একাংশ) শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা। বিকেল চারটায় জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয় জেলা বিএনপির অপর অংশের বিক্ষোভ মিছিল। এতে নেতৃত্ব দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী।
দুই গ্রুপের কয়েকজন নেতা বলেন, ২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর দীর্ঘ চার বছর দ্বিধাবিভক্ত জেলা বিএনপি পৃথক এবং পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হচ্ছেন। শাহজাহান চৌধুরী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।
অপর অংশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফর রহমান। মূলত সাংসদ লুৎফর রহমানকে ঠেকাতে দলের একজন প্রভাবশালী নেতা সাধারণ সম্পাদক পদে শামীম আরাকে নিয়ে আসেন। এ কারণে কোন্দলের অবসান হচ্ছে না। কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, বিএনপির ওই দ্বিবার্ষিক সম্মেলনের মেয়াদ দুই বছর আগেই শেষ হয়ে গেছে। এখন কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির নতুন নেতৃত্ব তৈরি হলে সহজে কোন্দলের অবসান হয়। কিন্তু দলের একটি মহল তা চাইছে না। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারবিরোধী কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েও জেলা বিএনপি কর্মসূচি পালন করছে পৃথকভাবে।
রামু উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরী বলেন, অযোগ্য ও অদক্ষ নেতাদের দিয়ে দলের জেলা কমিটি করে একটি চক্র বিএনপিকে ধ্বংস করে দিতে চাইছে। বর্তমানে লুৎফর রহমানের সমর্থকেরা জেলা বিএনপি কার্যালয় দখলে রাখেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের আবদুর রহমান। ২০০১ সালের নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসন বিএনপির দখলে ছিল।
কোন্দল প্রসঙ্গে সাংসদ লুৎফর রহমান বলেন, দলের প্রধান বেগম খালেদা জিয়া কোন্দল নিরসনের চেষ্টা করছেন। কিন্তু একটি মহলের ইন্ধনে চেষ্টা সফল হচ্ছে না। অপর অংশের সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বড় দল হিসেবে বিএনপিতে মতৈক্য থাকতে পারে। তাতে দলের কোনো ক্ষতি হচ্ছে না।