বিএনপির জয়ের কারণ নেতাদের কারাবাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে নাশকতা চালানোর অভিযোগে করা মামলায় ২ মার্চ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফুল আলমসহ কিশোরগঞ্জের কুলিয়ার উপজেলা বিএনপির আটজন নেতা-কর্মী করাগারে রয়েছেন। ‘রাজনৈতিক বিবেচনায় তাঁদের হয়রানি করা হচ্ছে’ বলে প্রচারণা চালিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের সহানুভূতি অর্জন করতে পারাটা কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ের একটা বড় কারণ বলে সাধারণ ভোটার ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল মিল্লাতের কাছে আওয়ামী লীগের সৈয়দ হাসান সারওয়ার ১১ হাজার ১২৫ ভোটে হেরে যান। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি-সমর্থিত বিলকিছ আক্তার জয় পান। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত মেজবাহ উদ্দিন এক হাজার ১০০টি ভোটে এগিয়ে রয়েছেন। ক্ষমতাসীন দলের সমর্থকেরা ব্যালেট বাক্স ছিনিয়ে নেওয়ায় ১৪ নম্বর বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, ভোট তাঁদের সমর্থিত প্রার্থীর পক্ষে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তবে বোনাস হিসেবে যুক্ত হয়েছে তাঁদের নেতাদের কারাবাস। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেতারা কারাগারে গেলেও দলের নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের বিশ্বাস করাতে পেরেছেন, ওই নেতারা ক্ষমতার কূটকৌশলের শিকার। বিএনপি অতি সহজে ইস্যুটিকে কাজে লাগিয়ে ফায়দা আদায় করে নিতে পেরেছে।
এদিকে জয় পাওয়ার পর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মিল্লাত গতকাল রোববার সকালে কিশোরগঞ্জে কারাগারে আটক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। নুরুল মিল্লাত বলেন, ‘আমি আগেও বলেছি, দলের কেন্দ্রীয় নেতা শরীফুল আলম আমাদের মূল চালিকাশক্তি। নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের কৌশলের শিকার হয়ে তাঁদের কারাবাস করতে হচ্ছে।’
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, ভোটারদের সহানুভূতি পেতে ওই নেতাদের কারগারে নেওয়ার সময় তোলা ছবিটি একাধিক ধরনের পোস্টারে দিয়ে প্রচারণা চালায় বিএনপি।
আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেন, তিনটি পদেই একই মহল্লা থেকে তিনজন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। ঢাকার বাসায় ডেকে নিয়ে স্থানীয় সাংসদ নাজমুল হাসান ওই তিনজন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ মিয়া বলেন, ‘জামিন নামঞ্জুর করল আদালত। আর দোষ এল আমাদের গায়ে। এই কথা ঠিক, মিথ্যা প্রচারণায় আমাদের প্রার্থীর কিছুটা ক্ষতি হয়েছে।’