বিএনপির টিনের, আ.লীগ নেতার পাকা ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় আটলঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকানঘর তৈরির প্রতিযোগিতায় নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা।গত জুনে বিএনপি নেতা মতিউর রহমান বিদ্যালয় ভবনের বাঁ পাশে একটি টিনের ঘর তোলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যালয় ভবনের দেয়াল ব্যবহার করে একটি আধা পাকা ঘর তোলেন মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবদুল লতিফ। তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি।বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি হানিফ মোল্লা বলেন, ‘প্রথম ঘরটি ছিল টিনের। নিজের আধিপত্য প্রকাশ করতে আবদুল লতিফ দ্বিতীয় ঘরটি ইট-সিমেন্টের দেয়াল দিয়ে তোলেন। প্রতিযোগিতামূলক এ ঘর তৈরিতে স্কুলটির সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়েছে। আমরা তাঁদের ঘর সরিয়ে নিতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নেতা মতিউর রহমান মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেনের ভাই। গত জুনে ইউপি নির্বাচনের পর তিনি রাতের আঁধারে বিদ্যালয়ের বাঁ পাশে টিনের চারচালা ঘরটি তোলেন। পরদিন এলাকাবাসী তাঁকে ঘরটি সরিয়ে নিতে বললে তিনি শোনেননি। এতে ক্ষুব্ধ হন আবদুল লতিফ। আধিপত্য দেখাতে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি টিনের ঘরটির পাশে বিদ্যালয় ভবনের দেয়াল ব্যবহার করে ইট-সিমেন্টের দেয়াল তুলে একটি আধা পাকা ঘর তোলেন।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চারচালা টিনের ঘরটি অকেজো পড়ে আছে। ঘরটির গা ঘেঁষে তোলা আধা পাকা ঘরটি দৈর্ঘ্য ও প্রস্থে ২৫ ফুট করে। ঘরটিতে ইটের দেয়াল তুলে ওপরে টিন দিয়ে ছাদ দেওয়া হয়েছে। ঘরের মাঝ বরাবর দেয়াল তুলে দুটি ঘর করা হচ্ছে। ঘরটির নির্মাণকাজ প্রায় শেষ।স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, দুটি ঘরই বিদ্যালয় ও বাজারের জায়গা দখল করে তৈরি করা হয়েছে। এটা একধরনের রাজনৈতিক প্রতিযোগিতা। স্থানীয়ভাবে নিজের অবস্থান বোঝাতে ঘর দুটি তোলা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘একটি ঘর রাতের অন্ধকারে তোলা হয়। অপরটি তোলা হয় ঈদুল আজহার ছুটি চলাকালে। দ্বিতীয় ঘরটি যিনি তুলেছেন, তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি। বিদ্যালয়ের ভালো-মন্দ বোঝার দায়িত্ব তাঁর ওপরই পড়ে। এর পরও আমি ঘর সরানোর জন্য অনুরোধ করেছি। তিনি অনুরোধ রাখেননি।’আবদুল লতিফ দাবি করেন, জমিটি বিদ্যালয়ের নয়, হাটের। তিনি বলেন, ‘ওখানে আগে আমার একটি ঘর ছিল। আমি সরকারিভাবে জমিটা ইজারা নেওয়ার চেষ্টা করছি। তাই ঘরটি তুলেছি।’ বিদ্যালয়ের দেয়াল ব্যবহার করা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুলের দেয়াল ব্যবহার যদি বৈধ না হয়, তাহলে ভেঙে আলাদা দেয়াল দিয়ে দিব।’ বিএনপি নেতা মতিউর রহমান একইভাবে জমিটি হাটের উল্লেখ করে বলেন, ‘আমি ইজারা নেওয়ার চেষ্টা করছি।’চাটমোহর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনি বলেন, ‘প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’