সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় বিএনপির গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেওয়া হয়েছে। কমিটির প্রধান সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ গত বুধবার রাতে প্রতিবেদনটি খালেদা জিয়ার কাছে জমা দেন। আজ শুক্রবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
ট্যাংকারডুবির ঘটনায় ২০ ডিসেম্বর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন খালেদা জিয়া। হাফিজ উদ্দিন আহমেদকে ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন সুন্দরবন রক্ষা কমিটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সাবেক সাংসদ নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আবদুস সালাম ও পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।