মতিঝিল থানায় করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়ার তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
আইনজীবীরা বলেছেন, এই জামিনের মধ্য দিয়ে রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার পাঁচ মামলায়ই জামিন পেলেন বলে তাঁদের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তবে মওদুদ আহমদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
চারজনের জামিন বহাল: এদিকে মতিঝিল থানায় করা অন্য দুটি মামলায় বিএনপির চার নেতাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলে তাঁদের জামিন বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। এই চার নেতা হলেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।
গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। চার নেতাকে পরে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে ৬ মে অন্য মামলাটি করা হয়।
মওদুদের জামিন আবেদন নাকচ: আদালত প্রতিবেদক জানান, সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা দুর্নীতির মামলায় মওদুদ আহমদের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরল হক। গতকাল মওদুদ আহমদের জামিন চেয়ে তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, ১৫৯, গুলশান অ্যাভিনিউয়ের এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক সম্পত্তি সরকারি নয়। মওদুদ আহমদকে রাজনৈতিকভাবে হেয় করতে এই মামলা করা হয়েছে। দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
একই আদালত শুনানির পর খন্দকার মাহবুব হোসেনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই আসামির নাম মামলার এজাহারে নেই। গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর, পুলিশকে হত্যাচেষ্টা ও বোমা বিস্ফোরণের অভিযোগে রমনা থানায় পুলিশ এই মামলাটি করে।