বিএনপির তিন নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা না করায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দীন মালিথার বাড়িতে ভাঙচুর করেন। পরে দলীয় নেতাদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর দাশুড়িয়ায় শামসুদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
একই সময়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন ও ঈশ্বরদী পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ঈশ্বরদীতে দল-সমর্থিত প্রার্থী ঠিক করতে গত কয়েক দিন উপজেলা, পৌর, জেলা ও বিভাগীয় কমিটির কয়েকটি বৈঠক হয়। প্রার্থী ঠিক না হওয়ায় গতকাল দাশুড়িয়ায় শামসুদ্দীনের বাড়িতে বৈঠক হয়।
বৈঠকে পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার, শামসুদ্দীন মালিথা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী জাকারিয়া, চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নেফাউর রহমান, রেল শ্রমিক দলের নেতা আহসান হাবিবসহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কিন্তু দিনব্যাপী বৈঠক হলেও জেলা ও উপজেলার নেতারা একক প্রার্থী ঘোষণা না করে কেন্দ্রের মাধ্যমে ঘোষণার কথা বলে চলে যেতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ছয়টার দিকে বৈঠকের বাইরে অপেক্ষমাণ বিএনপির কর্মীরা বৈঠকস্থলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করেন। এ সময় জেলা নেতাদের তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। সন্ধ্যা সাতটার দিকে তালা খুলে দেওয়া হয়। নেতারা জাকারিয়াকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করে চলে যান।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে জার্জিস হোসেন ও ঈশ্বরদী পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁরা কেউ বাড়িতে ছিলেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবিবুর রহমান জানান, কর্মীরা ভুল বুঝে উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির সময় কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপির নেতা এ কে এম আক্তারুজ্জামান জানান, দুর্বৃত্তরা তাঁর বাড়ির আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
ঈশ্বরদী থানার ওসি বিমল কুমার দাশ জানান, তিনি হামলার ঘটনা শুনেছেন। তবে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি।