বিএনপির তিন নেতার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।গত রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, জমির উদ্দিন সরকার স্পিকারের দায়িত্বে থাকাকালে নিজের জন্য একটি কার, একটি জিপ ও ব্যক্তিগত কর্মচারীর জন্য একটি মাইক্রোবাস সরকার থেকে বরাদ্দ পান। একান্ত সচিবের জন্য তিনি আরও দুটি গাড়ির বরাদ্দ নেন। এই পাঁচটি গাড়ি ব্যবহার করার পর আরও একটি মাইক্রোবাস ও দুটি জিপ অবৈধভাবে ব্যবহার করেন সাবেক স্পিকার। এসব গাড়িতে ৪০ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার জ্বালানি খরচ করে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে। একইভাবে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বরাদ্দের অতিরিক্ত গাড়ি ব্যবহার করে ৫৮ লাখ ৭১ হাজার ৬৮০ টাকার জ্বালানি খরচ করেন। খোন্দকার দেলোয়ার হোসেন চিফ হুইপের দায়িত্বে থাকার সময় অতিরিক্ত গাড়ি ব্যবহার করে দুই লাখ ১০ হাজার ৬৯৫ টাকার জ্বালানি খরচ করেন।