বিএনপির তিন নেতার রিমান্ড ও জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর গতকাল সোমবার আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন। আদালত তদন্তকারী কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মতিঝিল ও পল্টন থানার পৃথক তিনটি মামলায় রিজভীকে ১০ দিন করে ৩০ দিনের, হান্নান শাহকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের এবং একটি মামলায় বেলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
রাষ্ট্রপক্ষ আদালতকে বলে, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করার ঘটনায় কারা জড়িত ও ইন্ধনদাতা, তাদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এই মামলার কোথাও আসামির নাম নেই। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আর রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণও নেই।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, মিয়া খুরশীদ আলম, গোলাম মোস্তফা খান, মনিরুজ্জামানসহ ৫০ জন আইনজীবী।

গত ২৫ নভেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে হান্নান শাহকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আর ৩০ নভেম্বর রুহুল কবির রিজভী ও বেলালকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।